প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2026 ইং
‘সঠিক আর্থিক ব্যবস্থাপনাই ব্যবসার অগ্রগতির চাবিকাঠি’—সিডব্লিউসিসিআইর সমাপনী অনুষ্ঠানে বক্তারা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম, ১৮ জুন: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত “ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতা” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে সিডব্লিউসিসিআইর সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআইর পরিচালক নূর আক্তার জাহান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দুই দিনের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব ব্যবসায় সঠিকভাবে প্রয়োগ করতে পারলে উদ্যোক্তারা সাফল্য অর্জন করতে পারবেন। তিনি আরও বলেন, শুধু ব্যবসা পরিচালনা করলেই হবে না, বরং সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে হিসাব সংরক্ষণ করতে পারলে ব্যবসার অগ্রগতি আরও সহজ হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, নাসিরাবাদ শাখার ব্রাঞ্চ ম্যানেজার সজীব কাজী। তিনি বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে নির্দিষ্ট লক্ষ্য থাকে। এর অংশ হিসেবে নারী উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের অর্থায়নের আওতায় আনতে ব্যাংক আগ্রহী। ব্যবসার আর্থিক লেনদেন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হলে ব্যাংক থেকে অর্থায়নের সুযোগও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষক মো. হাফিজুর রহমান। পরে প্রশিক্ষণার্থীদের পক্ষে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন শাহানাজ হীরা, জেসমিন সুলতানা, ফাহমিদা মিলি এবং সামিয়া নেওয়াজ।
সবশেষে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট